
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। তবে চোর ধরার পর স্থানীয়রা যে অভিনব কাণ্ড ঘটিয়েছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠানে প্রবেশ করেছিলেন দুই ব্যক্তি। কিন্তু পালানোর আগেই আশপাশের বাসিন্দারা তাদের আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাদের পুরো শরীরে কমলা রঙের প্যাকিং টেপ পেঁচিয়ে ফেলা হয়।
শুধু তাই নয়, আটক ব্যক্তিদের একজনের মাথার ওপরে টেপ দিয়ে অ্যান্টেনার মতো আকৃতিও তৈরি করা হয়। ফলে দুজনকে দেখতে অনেকটা জনপ্রিয় শিশুতোষ কার্টুন চরিত্র ‘টেলিটাবিস’-এর মতো লাগছিল।
ঘटनার ভিডিওটি ‘dashcamindonesia’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হলে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে চোরদের এমন অদ্ভুত সাজ দেখে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে অপদস্থ করা কতটা যৌক্তিক।
পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
আপনার মতামত লিখুন :