সাভারে নেশা নিয়ে বিরোধে কিশোরের হাতে বাবা নিহত, ছেলে আটক


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন / ০
সাভারে নেশা নিয়ে বিরোধে কিশোরের হাতে বাবা নিহত, ছেলে আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার সাভারে নেশা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক দুধ বিক্রেতা বাবাকে হত্যার অভিযোগ উঠেছে তার ১৫ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মহিন মিয়া (৩৮)। তিনি পেশায় দুধ বিক্রেতা ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ভোর রাতে নেশা খাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছেলে জিসান (১৫) বাবাকে মারধর করে। অভিযোগ রয়েছে, মারধরের পাশাপাশি অণ্ডকোষে আঘাত ও চাপ দেওয়ায় মহিন মিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এদিকে, একই দিনে সাভারের অন্য একটি এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সাভারে নেশা নিয়ে বিরোধে কিশোরের হাতে বাবা নিহত, ছেলে আটক

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com