কোটচাঁদপুরে ১২৮ বোতল ভারতীয় উইন কোরেক্সসহ সাবেক পুলিশ সদস্য আটক


admin প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন / ০
কোটচাঁদপুরে ১২৮ বোতল ভারতীয় উইন কোরেক্সসহ সাবেক পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার | ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৮ বোতল ভারতীয় অবৈধ উইন কোরেক্স সিরাপসহ মো. হাসান-আল বান্না (৩২) নামে এক সাবেক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের সলেমানপুর ঘোষপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসান-আল বান্না মহেশপুর উপজেলার কাজীরবেড়ে ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো. আমজাদ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি কোটচাঁদপুর পৌর এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মহিতুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১২৮ বোতল ভারতীয় অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে কোটচাঁদপুর মডেল থানার তদন্ত ওসি মো. আনসারুল্লাহ হক বলেন, ডিবি পুলিশের অভিযানে একজনকে মাদকসহ আটকের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, আটক হাসান-আল বান্না পূর্বে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। পরে একটি চাঁদাবাজির মামলায় তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এ তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

কোটচাঁদপুরে ১২৮ বোতল ভারতীয় উইন কোরেক্সসহ সাবেক পুলিশ সদস্য আটক

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com