
স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ললিতা আক্তার (৩০) ও খায়রুন নেছা (২০)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে আলী হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোট ১১০ পিস ইয়াবার ওজন প্রায় ১১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :