
স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
রোববার (১৯ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার টংগাবাড়ি এলাকা থেকে শান্ত ইসলাম রহিম (২২) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ১০টায় সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৩১) নামে আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্যও প্রায় ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, আলমগীরের বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে।
পরে ১৯ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মারমা (৪৫) ও তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)-কে ১ হাজার লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা চোলাইমদের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ডিবি জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :