দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ


admin প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন / ০
দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে বাঁশের মাচার ওপর রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

25 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com