সাভারে ৮০ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন / ০
সাভারে ৮০ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি | ঢাকা 

ঢাকার সাভারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাভার পৌরসভার পাকিজা মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাকিজা কোম্পানির ওয়ার্কার্স ব্যারাকের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইউসুফ আলী (২০)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বাসযোগে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইস্কাপ সিরাপ ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পাকিজা মোড় এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করা হলে ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জয়পুরহাট সংলগ্ন সীমান্ত এলাকা থেকে কম দামে নিষিদ্ধ সিরাপ সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সাভারে ৮০ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com