
সাভার । ঢাকা
ঢাকার সাভারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৫ম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ এ দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বিকেএসপি। খুদে সাঁতারুদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের মোট ৭০ জন অ্যাথলেট অংশ নেন।
৩২টি ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতা শেষে ২৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ৭টি তাম্র পদক জিতে একক আধিপত্য ধরে রাখে বিকেএসপি। অন্যদিকে, ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৮টি তাম্র পদক নিয়ে রানার্সআপ হয়েছে কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব।
ব্যক্তিগত নৈপুণ্যে বালক বিভাগে বিকেএসপির বাপ্পি রহমান রোফি এবং আমলা সুইমিং ক্লাবের মো. আকাশ ৪টি করে স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জিতে যৌথভাবে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। এছাড়া বালিকা বিভাগে বিকেএসপির জারিন গওহার ৬টি স্বর্ণ পদক জিতে সেরা সাঁতারুর পুরস্কার অর্জন করেন।
রোববার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। তিনি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের আয়োজন খুদে সাঁতারুদের অনুপ্রাণিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ের নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী সকল দল এবং বিকেএসপির সাঁতার বিভাগকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :