
সাভার প্রতিনিধি । ঢাকা :
ঢাকার সাভারে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুই কৃষকের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের পরিচয়ও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি শ্রমিক হিসেবে কাজের জন্য আনা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, রোববার বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি দুইজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।
আপনার মতামত লিখুন :