
অনলাইন নিউজ ডেক্স :
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০৩৫ সালের মধ্যে তাদের বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার জন্য মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ফ্লিট এক্সপ্যানশন প্ল্যান ২০২৬-২০৩৫’ অনুযায়ী ২০৩৫ সালে সংস্থাটির বহরে মোট ৪৭টি উড়োজাহাজ প্রয়োজন হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গঠনের পরিকল্পনার আওতায় ভবিষ্যতে আরও উড়োজাহাজ সংযোজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
আফরোজা খানম বলেন, সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক দশকে জাতীয় বিমান সংস্থাটির বহরে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
লিখিত উত্তরে মন্ত্রী জানান, গত ১৫ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ৯টি উড়োজাহাজ ক্রয় করে বহরে যুক্ত করেছে। এর মধ্যে ২০১৯ সালে দুটি বোয়িং ৭৮৭-৯, ২০২০ ও ২০২১ সালে পাঁচটি ড্যাশ ৮-৪০০ এবং ২০২১ সালে দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ সংগ্রহ করা হয়।
আপনার মতামত লিখুন :