
ধামরাই প্রতিনিধি |
দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বুধবার (১৭ জুন) কলেজ কর্তৃপক্ষ দুটি দ্বিতল বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেখার হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন বাস সার্ভিসে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ছাত্রী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলকারী এ বাস সার্ভিস শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমানোর পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আনবে এবং তাদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করে তুলবে।
বাস সার্ভিস চালুর খবরে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :