
সাভার প্রতিনিধি |
যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সাভার সরকারি কলেজ। এ উপলক্ষে বুধবার (১৭ জুন) কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. আমির আলী এবং অধ্যাপক দীপক কুমার রায়। এছাড়া বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা কিষানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সংগ্রামী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের আদর্শ ও মানবিক মূল্যবোধ আজও সমাজকে আলোকিত করে চলেছে।
আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন :