সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন /
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

 

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই।”

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা ও কর্মমুখী শিক্ষা গ্রহণে আগ্রহী হতে হবে। একই সঙ্গে বর্তমান সমাজে মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের শিক্ষার পাশাপাশি তাদের প্রতি নিয়মিত খেয়াল রাখা জরুরি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আনন্দময় শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব।

 

বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে বিদ্যালয়কে আধুনিকায়ন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা এবং মহিলা হোস্টেল নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নাচ ও অভিনয়ে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আলহাজ মোঃ বদিউজ্জামান বদি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন সাবিনা সিদ্দিকা রিতা, মোঃ সাইফুল ইসলাম, মাস্টার গোলাম মোস্তফা এবং জোহরা বাশার পলি।

 

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত অভিভাবকরা মত প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

06 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com