
নিজস্ব প্রতিবেদক| ঢাকা
মালয়েশিয়ায় বন্দী ও অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন আমান উল্লাহ আমান।
শুক্রবার ঢাকা-২ আসনের আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল, কৃষি বীজ ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিদেশে বিভিন্ন কারণে সমস্যায় পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক পর্যায়ে কাজ করছে। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় সচেষ্ট বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে বলেন, “ঢাকা-২ আসনের কোনো এলাকায় মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে হেমায়েতপুর এলাকায় সড়ক বাতি (ল্যাম্প লাইট) স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :