
স্টাফ রিপোর্টার | ঢাকা
দেশে রোগীদের চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশই নিজেদের বহন করতে হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যয় ক্রমাগত বাড়ছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, চিকিৎসা ব্যয়ের বড় অংশই রোগীদের নিজের পকেট থেকে বহন করতে হচ্ছে। অথচ অনেক দেশেই সরকারিভাবে স্বাস্থ্যসেবার বড় অংশ নিশ্চিত করা হয়।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতের বাজেট ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা।
ডা. এম এ মুহিত বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শহর ও গ্রামের মানুষ সমান মানের চিকিৎসাসেবা পাবে। একই সঙ্গে আর্থিক সক্ষমতা নির্বিশেষে সবাই সহজে ও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।
তিনি আরও বলেন, বাজেটে অপরিকল্পিতভাবে হাসপাতাল বা ভবন নির্মাণের কোনো পরিকল্পনা নেই। বরং ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন এবং সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি নানা রোগ উদ্বেগজনকভাবে বাড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং স্বাস্থ্য খাতে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আপনার মতামত লিখুন :