
সাভার প্রতিনিধি | ঢাকা
ঢাকার সাভারে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমেস্টার-২০২৬ এর নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, বরং জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রধান অতিথি অধ্যাপক ড. সলিমুল্লাহ খান তাঁর বক্তব্যে উচ্চশিক্ষায় শৃঙ্খলা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :