
নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫ টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে এলাকার বাসিন্দা ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন। শনিবার বিকেলে বাড়ির ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আলামত সংগ্রহ করে ঘটনার সব দিক তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :