
নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৭টি ভারতীয় শাড়ি, ৮২ প্যাকেট ফুসকা, ৫ প্যাকেট কিসমিস, ৫ প্যাকেট সোনপাপড়ি, ৮৪৭টি চকলেট এবং ২১২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :