
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭০ গ্রাম গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।
গ্রেপ্তাররা হলেন, আশুলিয়ার দোসাইদ পশ্চিমপাড়া এলাকার জসিম উদ্দিন (৪০), রাজধানীর রামপুরা এলাকার মামুন খান (৩২), রংপুরের মিঠাপুকুর উপজেলার হাসান আলী (২৬) এবং বদরগঞ্জ উপজেলার মুরাদ হোসেন (৪২)। পুলিশ জানায়, তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দোসাইদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম। এ সময় জসিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট এলাকার ফকির বাড়ি রোডের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান এসআই মো. রিয়াজ মাহমুদ। অভিযানকালে মামুন খান, হাসান আলী ও মুরাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মতামত লিখুন :