
স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার গোমাইল এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম। এ সময় মো. আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
একই রাতে রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। এ সময় মো. স্বাধীন (২৪), মো. আল-আমিন (৩১) ও মনির হোসেন (২৩) নামে তিনজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্যও ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মো. স্বাধীনের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :