যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১


admin প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন /
যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের বাসিন্দা এবং রজব আলী মৃধার ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন বলে বিজিবি দাবি করেছে।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। জব্দ করা মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Share this news as a Photo Card

যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com